Showing posts with label মুরাদনগরের শিক্ষা. Show all posts
Showing posts with label মুরাদনগরের শিক্ষা. Show all posts

Monday, 20 September 2021

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ শনিবার পর্যন্ত

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ শনিবার পর্যন্ত

 

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ শনিবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | 
  

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন শেষ হলেও গত ১০ সেপ্টেম্বর থেকে বাদপড়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারছেন। আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন বাদপড়া শিক্ষার্থীরা। আর এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের ফরম পূরণ  ও শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ খ্রিষ্টাব্দে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা মহামারির কারছে যেসব শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি বা অন্য কোন কারণে বাদ পড়েছে সেসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধন ও পূর্বে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সময়সীমা বিলম্ব ফিস ছাড়া ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে আর কোন সময় বৃদ্ধি করা হবে না। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধনের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

জানা গেছে, ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে মোট ৭৪ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে ৫০ টাকা নিবন্ধন ফি এবং ২৪ টাকা রেডক্রিসেন্ট ফি আছে। 

এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এ পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হতে পরে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ দুই পরীক্ষা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও শিক্ষা বোর্ডগুলো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রস্তুতিই নেয়নি। বোর্ডগুলোর কর্তারা বলছেন, জেএসসি পরীক্ষার জন্য তারা সরকারের নির্দেশনার অপেক্ষা করছেন। নির্দেশনা পেলে বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু হবে। 

তবে, পরীক্ষা নিতে আশাবাদী সরকার।  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে জানিয়েছেন, চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়া হবে। যদি মনে হয় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তাহলে পরীক্ষাগুলো নেওয়া হবে। 

বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী সংকট মুরাদনগরের কলেজগুলোতে

বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী সংকট মুরাদনগরের কলেজগুলোতে

 

বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী সংকট মুরাদনগরের কলেজগুলোতে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি | 
  

মুরাদনগর উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ছে না। উপজেলার ১২টি কলেজের মধ্যে মানবিক ও ব্যবসা শিক্ষায় অতিরিক্ত ছাত্র ভর্তি হলেও বিজ্ঞান বিভাগে চরম শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। প্রতিটি কলেজের বিজ্ঞান বিভাগের জন্য শিক্ষা বোর্ড ১৫০টি আসন নির্ধারিত থাকলেও রামচন্দ্রপুর আব্দুল মজিদ ডিগ্রি কলেজ ছাড়া কোনো কলেজেই সেই আসন পূরণ করতে পারেনি।

উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর আব্দুল মজিদ ডিগ্রি কলেজে ৩২৪ জন, শ্রীকাইল সরকারি কলেজে ৫০ জন, মুরাদনগর কাজী নোমান আহম্মদ ডিগ্রি কলেজে ১০০ জন, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ৮০ জন, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজে ১১ জন, কোড়েরপাড় আদর্শ কলেজে ৮৩ জন, আলীরচর চাঁন মিয়া মোল্লা ডিগ্রি কলেজে ২৬ জন, জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজে ২৭ জন, চাপিতলা ফরিদউদ্দিন সরকার ডিগ্রি কলেজে ২৬ জন, হায়দরাবাদ সামছুল হক কলেজে ৩০ জন, দিঘীরপাড় বেগম সুফিয়া সওকত কলেজে ১৬ জন ও বাইড়া স্কুল অ্যান্ড কলেজে ১১ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে।

অন্যদিকে কয়েকটি কলেজ মানবিক বিভাগের আসন সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত ছাত্র ভর্তি করেছে। ঐ কলেজগুলোতে ছাত্রছাত্রীর একটা অংশ বিজ্ঞান শাখা পরিবর্তন করে সহজে পাশের জন্য মানবিক ও ব্যবসা শিক্ষাকে বেছে নিয়েছে।

বিজ্ঞান বিভাগে ভর্তি কমে যাওয়ার ব্যাপারে চাপিতলা ফরিদউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ নার্গিস খানম চৌধুরী বলেন, আমাদের মাধ্যমিক পর্যায়ে অনেক স্কুলে বিজ্ঞানের ভালো শিক্ষক নেই। তাই শিক্ষার্থীরা এসএসসিতে কোনো রকমে পাস করে উচ্চ মাধ্যমিকে এসে আর সাহস করে না।


আলীরচর চাঁন মিয়া মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে মানসম্মত শিক্ষক থাকলেও মাধ্যমিকে ভালো শিক্ষক না পাওয়ায় শিক্ষার্থীদের ভিতরে একটা ভয় কাজ করে, যে কারণে তারা গ্রুপ পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা অথবা মানবিকে চলে যায়।

মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, বিজ্ঞানের শিক্ষার্থী ধরে রাখতে হলে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। তাদের পড়াশোনার ভিতকে মজবুত করে বিজ্ঞানের প্রতি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করতে পারলে এ সংখ্যা বৃদ্ধি পাবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে সভা-সমাবেশের মাধ্যমে শিক্ষকদের বলে থাকি তারা যেন বিজ্ঞানের প্রতি ছাত্রদের উদ্বুদ্ধ করেন।